ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ হাজার ২০০ টাকা।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৪ জানুয়ারি ২০২৫) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. খোকন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল জেলার মুলাদী থানার সাতানী কাচারী গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মফিজ হাওলাদার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত খোকন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, পারিবারিক বন্ধন নষ্ট করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে র্যাব জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভবিষ্যতেও র্যাব-১০ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন