
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোঁড়া গ্রামের দিনমজুর মহিবুল্লাহর ঘরে জন্ম নেয় এক কন্যাশিশু। জন্মের মাত্র দুই দিন পর জানা যায়, শিশুটির পেটের ভেতরে অন্ত্র জট পাকিয়েছে এবং স্বাভাবিক মলদ্বার গঠন হয়নি। চিকিৎসকরা জানান, বেঁচে থাকার জন্য তাকে একাধিক জটিল অস্ত্রোপচার করতে হবে।
অসহায় পরিবারটি ইতিমধ্যে প্রথম অস্ত্রোপচারে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা খরচ করেছে, যা মানুষের সাহায্য ও ধারদেনা করে জোগাড় করা হয়েছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুটির আরও দুটি বড় অস্ত্রোপচার করতে হবে। এতে ব্যয় হবে অন্তত দুই লাখ টাকা।
শিশুটির মা আয়েশা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তান মানে আপনাদের সন্তান। সবাই যদি একটু সহায়তা করেন তবে হয়তো আমার মেয়েটি বাঁচবে।” প্রতিবেশী রুবিনা খাতুন জানান, অপারেশনের পর শিশুটি আশার আলো দেখিয়েছে, কিন্তু সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
পরিবারটির একমাত্র আয়ের উৎস দিনমজুর বাবার দৈনিক ৩০০-৪০০ টাকা। বর্তমানে এই সামান্য আয়ে ঔষধ ও দুধ কেনাই কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারটি।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “পরিবারটির পাশে প্রশাসন আছে। তবে সমাজের যারা সক্ষম, তাদের প্রতি অনুরোধ থাকবে এই অসহায় শিশুটির চিকিৎসায় এগিয়ে আসতে।”
অর্থ সাহায্য পাঠানোর নম্বর: ০১৯৬৪৯৪১৭৩৩ (বিকাশ, নগদ, রকেট, উপায়)
মন্তব্য করুন