
দৈনন্দিন বাজার হোক বা হোটেল বিল—সবই বিটকয়েনে পরিশোধ করা যায় মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের এল জোন্তে গ্রামে। এটিই বিশ্বের প্রথম গ্রাম যেখানে ডিজিটাল মুদ্রা বিটকয়েন ব্যবহার হয় পুরোপুরি বাস্তব জীবনে। এজন্য এলাকাটিকে স্থানীয়রা ডাকেন “বিটকয়েন বিচ” নামে।
২০১৯ সালে একজন অজানা দাতা এখানে বিপুল পরিমাণ বিটকয়েন দান করেন। সেই তহবিল দিয়ে স্থানীয় অর্থনীতিবিদ মাইক পিটারসন গড়ে তোলেন বিটকয়েন-নির্ভর কমিউনিটি। শুরুটা হয়েছিল তরুণদের সৈকত পরিষ্কারের মজুরি দিয়ে। করোনা মহামারির সময় সেই বিটকয়েনই হয়ে ওঠে অনেকের বেঁচে থাকার উপায়।
এরপর সারা গ্রামে বিটকয়েন-ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। মুদি দোকান, রেস্তোরাঁ, এমনকি হোটেলেও এখন পেমেন্ট হয় বিটকয়েনে। পর্যটকেরাও নিয়মিত বিটকয়েন দিয়ে কেনাকাটা করছেন।
বিটকয়েন বদলে দিয়েছে তরুণ ব্রায়ান ফ্লোরেসের জীবনও। একসময় দরিদ্র কৃষকের সন্তান ব্রায়ান এখন আন্তর্জাতিক বিটকয়েন প্রশিক্ষক, ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ।
এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০২১ সালে এল সালভাদর বিটকয়েনকে রাষ্ট্রীয় মুদ্রা ঘোষণা করেছিল, যদিও পরে তা বাতিল করা হয়। তবুও এল জোন্তেতে বিটকয়েনের বিপ্লব এখনো অব্যাহত।
মন্তব্য করুন