মহাকাশ প্রযুক্তিতে নতুন অগ্রগতি অর্জন করেছে পাকিস্তান। চীনের সহায়তায় উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
চীনের লং মার্চ-৬ রকেট-এর মাধ্যমে উৎক্ষেপিত ‘পিআরএসসি-ইও৩’ স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে সিনহুয়া নিউজ এজেন্সি।
এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন, যা দেশটির মহাকাশ কর্মসূচির ধারাবাহিক অগ্রগতির প্রমাণ।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছে, ‘ইও৩’ একটি ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট, যা দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং পাকিস্তানের মহাকাশ সক্ষমতায় একটি নতুন মাইলফলক।
স্যাটেলাইটটিতে উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে। এর মধ্যে রয়েছে মাল্টি-জিওমেট্রি ইমেজিং মডিউল, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা প্রক্রিয়াকরণ ইউনিট, যা তাৎক্ষণিক বিশ্লেষণে সহায়তা করবে।
সরকারি তথ্য অনুযায়ী, এই স্যাটেলাইট যুক্ত হওয়ায় পাকিস্তানের আর্থ অবজারভেশন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই স্যাটেলাইট নগর পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করবে।
উৎক্ষেপণকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি একে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে মহাকাশ কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং চীনের সহযোগিতার প্রশংসা করেছেন।
বিশ্লেষকদের মতে, এই উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান একটি সমন্বিত আর্থ অবজারভেশন সিস্টেম গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, যা ভবিষ্যতে দেশের টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন