পটুয়াখালীর সদর উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির হাইকোর্টের রায়ে পুনরায় তার নির্বাচিত পদ ফিরে পেয়েছেন।
এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, গত ৩০ এপ্রিল পটুয়াখালী জেলা প্রশাসকের এক আদেশে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর বিরুদ্ধে চেয়ারম্যান হুমায়ুন কবির হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন।
পরবর্তীতে শুনানি শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করলে তিনি পুনরায় দায়িত্ব পালনের বৈধতা ফিরে পান।
রায়ের খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়নজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
অনেকেই মনে করছেন, এতে করে এলাকার স্থগিত থাকা উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে যাবে।
রায় পাওয়ার পর প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে।
তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল বলছে, এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন