সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার ২০ (এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ বলেন, সারাদেশের ন্যায় কালীগঞ্জেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ১৯২টি কেন্দ্র ও ১টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের স্কুল পর্যায়ে ৪৮টি কেন্দ্রে ৩১,০৬৬ জন শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মুনমুন, থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন