কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও, কিছু মহল শুধুমাত্র সংবিধান ইস্যু নিয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। অথচ স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা কিংবা নারীর উন্নয়ন—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা নীরব।
সাম্প্রতিক একটি ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, একটি পারিবারিক বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে, যা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কর্মসংস্থানসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করতে চায়। কিন্তু একটি মহল এসব উদ্যোগের বিরোধিতা করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’ এবং দলের ৩১ দফা সংস্কার কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা ইতোমধ্যে জনগণের সামনে তুলে ধরা হয়েছে।
তিনি দাবি করেন, দীর্ঘ ১৬ বছরে স্বৈরাচারী শাসনে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো পুনর্গঠনে বিএনপি কাজ করতে চায়।
দিনব্যাপী সফরে এর আগে তিনি বগুড়া জজ আদালতে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন, বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন।
মন্তব্য করুন