আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ ও চীন-এর মধ্যে উল্লেখযোগ্য সহযোগিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর লু’আন পৌর কমিটির নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লু’আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াং, উপ-মহাসচিব লিউ ঝেংওয়াং এবং উপ-পরিচালক কিন ফেই উপস্থিত ছিলেন।
এর আগে সফররত বিএনপি প্রতিনিধি দল চীনের খ্যাতনামা গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড পরিদর্শন করে। সেখানে তারা চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, এই অভিজ্ঞতা ছিল অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক। তারা বলেন, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে কীভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব—তা সরাসরি প্রত্যক্ষ করেছেন তারা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও বলা হয়, কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের জন্য কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া স্থানীয় পর্যায়ে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দক্ষতা উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও বড় সম্ভাবনা রয়েছে বলে মত দেন তারা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল চীনের আরেকটি শিল্পপ্রতিষ্ঠান জ্যাক মোটরস কোম্পানি পরিদর্শন করেন এবং সেখানে শিল্প উৎপাদন ও প্রযুক্তি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
উল্লেখ্য, কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর আমন্ত্রণে গত ১৬ এপ্রিল চীন সফরে যায় বিএনপি’র ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ।
বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে বাস্তবভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
মন্তব্য করুন