বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল জাতীয় সংসদ। বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে উঠেছে ‘স্বজনপ্রীতি’র অভিযোগ, আর এর জবাবে কড়া বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, “আমরা ক্রিকেট বোর্ডে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি।”
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচিত কমিটি বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এই কমিটিতে বিভিন্ন রাজনৈতিক পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় সমালোচনা শুরু হয়। এর মধ্যে রয়েছেন মন্ত্রীর ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ, রাজনীতিক মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু এবং রাশনা ইমাম।
বুধবার সংসদে এ বিষয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “বিসিবি এখন আর ক্রিকেট বোর্ড নেই, এটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।”
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রীড়া খাতে ক্ষমতার অপব্যবহার হয়েছে। জেলা ও ক্লাব পর্যায়ে প্রভাব খাটিয়ে বোর্ড গঠন করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রী জানান, বর্তমান সরকার বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করে। সেই তদন্তে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পরই আগের বোর্ড বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আবারও জোর দিয়ে বলেন, “এটি কোনো বাপের দোয়া বা মায়ের দোয়া কমিটি নয়, বরং অনিয়ম দূর করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সব মিলিয়ে, বিসিবিকে ঘিরে এই বিতর্ক এখন দেশের রাজনৈতিক অঙ্গনেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
মন্তব্য করুন