প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান। সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা।
‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’— এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপুল জনসমাগমের কারণে ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় দলীয় স্বেচ্ছাসেবকদের।
এর আগে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঘোষণা দেন যে, শনিবার বিকেলে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।
প্রিয় নেতাকে স্বাগত জানাতে তাই শনিবার সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। দিনভর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে সেখানে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড এবং কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করতে দেখা যায় গোয়েন্দা সংস্থার সদস্যদের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের এই সফর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে।
মন্তব্য করুন