দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রুহুল কুদ্দুস কাজল এর আগে পদত্যাগ করা সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আসাদুজ্জামান পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়ায় রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি ফোনে বিষয়টি জেনেছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবেন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে আইন অঙ্গনের সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর ইংল্যান্ডের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।
এছাড়া তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আইন পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি হতে পারে বলে জানা গেছে।
মন্তব্য করুন