আগামীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেছেন, দেশকে সামনে আরও কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ বড় ধরনের প্রভাবের মুখে পড়ছে। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।
তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের সামনে খুব ভালো সময় না, বরং কঠিন সময় আসছে। এই পরিস্থিতি মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
এসময় জ্বালানি সংকটের অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। পেট্রোল পাম্পে ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দমনে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানান।
তিনি বলেন, কোনো ধরনের ‘মব’ বা উশৃঙ্খল জনতাকে ছাড় দেওয়া হবে না এবং আইনের বাইরে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।
কৃষি খাত নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফ করেছে।
এছাড়া তারেক রহমান-এর নেতৃত্বে কৃষকদের উন্নয়নে কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে—সারা দেশে কয়েক কোটি নারীকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ২০ হাজার খাল খনন প্রকল্প বাস্তবায়ন।
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ পথে চলেই মানুষের আস্থা অর্জন করতে হবে।
সবশেষে, খাল ও নদী পুনঃখনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেন মির্জা ফখরুল।
মন্তব্য করুন