রোমাঞ্চকর লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের উত্তেজনায় জয় তুলে নেয় স্বাগতিকরা।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে মাত্র ১৭ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন। পরের ওভারে মাজ সাদাকাতকে আউট করেন নাহিদ রানা। এরপর তাসকিনের বলে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।
শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন গাজি ঘুরি ও আব্দুল সামাদ। তবে তারা বড় ইনিংস খেলতে পারেননি। এরপর একশর আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
বিপদের সময় দলের হাল ধরেন সালমান আলি আগা। তাকে সঙ্গ দেন অভিষিক্ত ব্যাটার সাদ মাসুদ। এই জুটিতে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে পাকিস্তান। তবে ৩৮ রানে সাদ মাসুদকে মুস্তাফিজুর রহমান বোল্ড করলে ভেঙে যায় গুরুত্বপূর্ণ জুটি।
পরে ফাহিম আশরাফের সঙ্গে আরেকটি জুটি গড়ার চেষ্টা করলেও তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন ফাহিম। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। তিনি একাই চারটি উইকেট তুলে নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে তিনি করেন ১০৭ বলে ১০৭ রান।
এছাড়া লিটন কুমার দাস ৪১ রান এবং তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ তোলে ২৯০ রান।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জয়ের নজির গড়ল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালেও পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
মন্তব্য করুন