সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলো মাইল বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম মামুনুর রশীদ। তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে এএসআই মামুনুর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল যোগে ষোলোমাইল বাজারের পশ্চিম পাশে অবস্থান করছিলেন। তাঁরা মূলত আদালতের ওয়ারেন্ট সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) এর সাথে এএসআই মামুনুর রশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা রুহুলসহ ৪-৫ জন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে এএসআই মামুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাত্ব হন।
বর্তমান পরিস্থিতি
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান: আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং কিছুটা আশঙ্কামুক্ত। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেন শেখ ও তাঁর সহযোগী রুহুলসহ অন্যরা বর্তমানে পলাতক। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তবে হামলার ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই। অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন