জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে একটি মসজিদে জুমার নামাজের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এবং তাদের দায়িত্বশীলদের কিছু বক্তব্য এই অনিশ্চয়তার কারণ। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, সরকারি দলের কেউ যদি অপরাধীদের পাশে দাঁড়ান, তবে সমাজে অপরাধ নির্মূল সম্ভব হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ভালো কাজে বিরোধীদল অবশ্যই পাশে থাকবে। তবে জনগণ এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড ক্ষমা করা হবে না। তিনি দেশের ভালো থাকার জন্য সকল রাজনৈতিক দল ও নির্দলীয় ব্যক্তিদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যায়ের বক্তব্যের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি হওয়ারও অভিযোগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, এই ধরনের দায়িত্বহীন আচরণ চলতে থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় এবং এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
মন্তব্য করুন