ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে তিনি ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে দলীয় কর্মী, সমর্থকসহ বিভিন্ন অঙ্গনের মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা মোট এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পান ৮০ হাজার ৪৩৪টি ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন রুমিন ফারহানা।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি অঙ্গন থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনন্দন জানান। তার এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার এই জয় স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনী এলাকার উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে তিনি কী ধরনের পদক্ষেপ নেন, তা এখন দেখার বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন