রাজধানীর ডেমরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ডেমরা থানাধীন ৬৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মোনায়েম। তার পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন আবু।
ডেমরা থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ডেমরা বাজারের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডেমরা থানায় দায়ের করা মামলা নম্বর ৩, তারিখ ১ নভেম্বর ২০২৫-এর আওতায় তাকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ৩১ অক্টোবর ডেমরা এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে মোহাম্মদ মোনায়েমের বিরুদ্ধে। ওই ঘটনায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জা ফোনে নন্দিত টিভিকে জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযানে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন