রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একদল লোক হঠাৎ করে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকাতেও উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নেভাতে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট কাজ করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছেন এবং পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।
এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন