ডিএমপির ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার, ১৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, বনশ্রীগামী সড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে সেগুলো নিরাপদে হেফাজতে নেওয়া হয়।
র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত ও সচেষ্ট রয়েছে। তিনি জানান, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
র্যাবের এই সফল অভিযানে আবারও প্রমাণিত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন