আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই মুহূর্তে কোনো কনসার্ট আয়োজনের অনুমতি পাচ্ছেন না আয়োজকরা। ফলে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হচ্ছে।
সর্বশেষ বাতিল হয়েছে ‘মেইন স্টেজ শো–২০২৫’ শীর্ষক কনসার্টটি। এতে আগামীকাল শনিবার ঢাকায় পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।
এই কনসার্টেই গান গাওয়ার কথা ছিল দেশের জনপ্রিয় শিল্পী ফুয়াদ আল মুক্তাদিরের। সব প্রস্তুতি ও মহড়া শেষ করে তিনি শোয়ের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু হঠাৎ বাতিলের ঘোষণায় ফুয়াদসহ পুরো শিল্পী ও ইভেন্ট কমিউনিটি হতাশায় পড়েছে।
কনসার্ট বাতিলের পর ফুয়াদ নিজের ফেসবুক পেজে এক পোস্টে আক্ষেপ প্রকাশ করেন। তিনি লেখেন, তারা দর্শকদের সামনে পারফর্ম করার জন্য ভীষণ আগ্রহী ছিলেন। ইভেন্ট কোম্পানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল এবং সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। সাউন্ড সিস্টেম, বুকিংসহ সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে শো বাতিলের খবর আসে।
ফুয়াদ আরও লেখেন, বারবার কনসার্ট বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংগীতশিল্পী, সাউন্ড কোম্পানি, ভেন্ডর, পৃষ্ঠপোষক এমনকি দর্শকরাও। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় শিল্পীরাও দর্শকদের মতোই অধীর আগ্রহে আছেন বলে জানান তিনি।
এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে—কনসার্ট বাতিল শুধু দর্শকদের হতাশাই বাড়াচ্ছে না, বরং পুরো সংগীতাঙ্গনের ওপর অনিশ্চয়তা ও সংকট তৈরি করছে। শিল্পীদের আশঙ্কা, দ্রুত কোনো সমাধান না এলে ভবিষ্যতে এই পরিস্থিতি সংগীতশিল্পের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে।
মন্তব্য করুন