ঢাকা, ২৪ নভেম্বর — প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের ন্যায়বিচারের দাবিতে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা সোমবার ক্যাম্পাসের মাঠে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি, ক্ষতিপূরণ এবং নিহত শিক্ষিকার পূর্ণ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবি জানায়।
চাঁদপুরের মতলব উত্তরের ৫নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার (৪৫) গত ৮ নভেম্বর রাজধানীতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে অংশ নেন। সমাবেশ চলাকালে পুলিশের ছোঁড়া গ্রেনেডের স্প্লিন্টারে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে মিরপুরের অলক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।
ফাতেমা আক্তার ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর এলাকার ঠাকুরচর গ্রামে। পিতা সুরুজ মোল্লা এবং স্বামী ডি. এম. সোলেমানের পরিবারে তিনি দুই সন্তানের জননী—এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষককে এইভাবে প্রাণ হারাতে হওয়া রাষ্ট্রের জন্য লজ্জাজনক। দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
প্রতিবাদ সমাবেশে আরও জানানো হয়, শিক্ষক সমাজের উপর হওয়া এই বর্বরোচিত হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মন্তব্য করুন