প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ রেফারির মতো কাজ করবে। তবে খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও উল্লেখ করেন, পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও সারা শহর পোস্টারে ভরে গেছে। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে দেয়, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দেবে না।
সিইসি বলেন, বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ বিরাজ করছে। তাই এবারের নির্বাচনে অংশগ্রহণকারীদের থেকে সুশৃঙ্খল সহযোগিতা চাই। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহারকে বড় বিপদ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্য নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান হিসেবে ধরা হচ্ছে।
মন্তব্য করুন