পুরান ঢাকা, লালবাগের মেয়ে অর্ণা ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি ছিল প্রবল ভালোবাসা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের ভঙ্গিতে সৌন্দর্য প্রকাশ করার স্বপ্ন ছিল তার মনের গভীরে। সেই শখ থেকেই আজকের অর্ণা একজন উদীয়মান মডেল।
প্রথমবার প্রফেশনাল স্যুট করার দিনটির স্মৃতি এখনও অর্ণার কাছে বেশ স্পষ্ট। তিনি বলেন, সেদিন তেমন একটা নার্ভাস ছিলাম না, বরঞ্চ অনেক খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম । তবে এই পথটা সহজ ছিল না। অর্ণা জানালেন, আসলে কখনো কারো সাপোর্ট পাইনি, এখনও পাচ্ছি না। ভবিষ্যতেও পাব কি না জানি না। তবুও থেমে থাকেননি তিনি। নিজের আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়েই এগিয়ে চলেছেন নিজের স্বপ্নপথে। অর্ণার মতে, মডেলিং জগতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভালো কাজ পাওয়া এবং নিজেকে প্রমাণ করা।

তিনি বলেন, আমি কখনোই কোনো মডেলকে অনুসরণ করি না। আমি সবসময় পছন্দ করি নতুনত্বকে। নিজে থেকেই নতুন কিছু করতে ভালো লাগে। ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে অর্ণা জানান, “ওভাবে ভাবিনি যে ভবিষ্যতে এই জায়গায় থাকতে হবে, তবে চাই ভবিষ্যতে আরও ভালো কাজ করতে।
তবে সমাজে এখনো অনেকেই এই পেশাকে নেতিবাচকভাবে দেখেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে মডেলিংও সম্মানজনক একটি পেশা।

নতুনদের জন্য তার পরামর্শ, যে কাজই করো না কেন, খুব কনফিডেন্সের সাথে করো। নিজের ওপর বিশ্বাস রাখো।মডেলিংয়ের বাইরে অর্ণা রান্না করতে ভালোবাসেন। ফাঁকা সময়ে তিনি ট্রাভেলিং করেন, নতুন জায়গা ঘুরে বেড়ানো এবং নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়া তার অন্যতম প্রিয় কাজ।
নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস ও ভালোবাসা দিয়ে এগিয়ে চলা এই তরুণী অর্ণা নিঃসন্দেহে নতুন প্রজন্মের অনেকের অনুপ্রেরণা হতে পারে।
মন্তব্য করুন