
মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের হতদরিদ্র শব্দকর পাড়ায় ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক মোঃ আব্দুস সালাম, চিকিৎসক সুদ্বীপ মল্লিক ও চিকিৎসক রায়হান মুজিব। এ সময় প্রায় ৩০০ জনেরও বেশি অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার শুকরানা মান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুহেল আহমদ, ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জের সদস্য সচিব নাজমুল ইসলাম মুকুল, সদস্য ইয়াছিন মিয়া এবং পতনউষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এহিয়া আহমদ রাফি প্রমুখ।
ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক মোঃ আব্দুস সালাম বলেন, “কোভিড-১৯ মহামারি, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করা আমাদের নেশার মতো হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন।”
মন্তব্য করুন