
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবার চলচ্চিত্র ছাড়ার ইঙ্গিত দিলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন তাঁর দুই ছেলের ইসলামিক পড়াশোনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। একজন ইতিমধ্যেই ৮ পারা হাফেজ হয়েছে, আরেকজন দ্বিতীয়বার কোরআন পড়ছে। তারা যদি ইসলামিক শিক্ষায় মনোনিবেশ করে, আর তাদের বাবা-মা সিনেমায় থাকে, সেটা ভালো দেখায় না।”
অনন্ত আরও জানান, তাঁর বড় ছেলে সাড়ে ১০ বছর বয়সে হাফেজ হওয়ার পথে, আর ছোট ছেলে সাড়ে ৭ বছর বয়সে কোরআন রিডিং শেষ করেছে। স্ত্রী বর্ষাসহ শুরু থেকেই তাঁদের নিয়ত ছিল সন্তানদের ইসলামি শিক্ষায় বড় করা এবং একসময় মদিনায় পড়াশোনা করানো।
এ প্রসঙ্গে বর্ষার অভিনয় ক্যারিয়ার নিয়েও মত দিয়েছেন অনন্ত। তাঁর মতে, সন্তানরা ধর্মীয় শিক্ষায় বড় হলে তাদের মা সিনেমায় থাকাটা সন্তানদের জন্য ভালো লাগবে না। তাই বর্ষাও হয়তো ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে আসবেন।
এদিকে অনন্ত জলিল তাঁর হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করছেন। এর মধ্যে আলোচিত ‘নেত্রী: দ্য লিডার’ ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে তিনি জানান। শিগগিরই ছবিটি মুক্তির পাইপলাইনে আসবে।
মন্তব্য করুন