
এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এ সভা হাইব্রিড–পদ্ধতিতে সম্পন্ন হয়। সভায় সশরীর ও অনলাইনে ব্যাংকের পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারধারীরা অংশ নেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, চলতি বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাঁদের সম্মানী অনুমোদন করা হয়। অনলাইনে শেয়ারধারীদের প্রদত্ত ভোটের মাধ্যমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিবসহ অন্যরা।
সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। সুশাসন, স্বচ্ছতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণে কাজ চলছে।
ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান বলেন, আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারীরাই ব্যাংকের প্রাণশক্তি। দক্ষ পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের স্বার্থ সংরক্ষণে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত হয়। বর্তমানে সারা দেশে ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখার মাধ্যমে প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক সেবা প্রদান করছে।
মন্তব্য করুন