
নারায়ণগঞ্জ মহানগরের বন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম।
রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় এ কার্যক্রমে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জমজমাট পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, বিএনপি একটি নির্যাতিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই দমন-নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার ‘মানবতার মা’ দাবি করলেও বাস্তবে দেশে লুটপাট ও দুঃশাসন চালিয়েছে। রোহিঙ্গাদের জন্য আসা বিদেশি সহায়তার হিসেব নিয়েও তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ‘মানবতার দুশমন’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তিনি ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। তারেক রহমান ও জিয়াউর রহমানের প্রতি কটুক্তিকে ‘নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ’ বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ত্যাগী ও দুর্দিনের কর্মীদের অগ্রাধিকার দিয়ে সদস্য ফরম বিতরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, ফখরুল ইসলাম মজনু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেনসহ আরও অনেকে।
সঞ্চালনায় ছিলেন মোস্তাকুর রহমান মোস্তাক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। সদস্য পদ নবায়নে ব্যাপক সাড়া ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
মন্তব্য করুন