
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ফোরামের সভাপতি মো. আবদুল মঈদ বাবুলের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আব্দুর মজিদ ও আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ইউট্যাব ইবি শাখার সাংগঠনিক সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,২০০৯ সালের পরবর্তী বাংলাদেশে যে রাজনীতি চর্চিত ছিল, তা জনগণের জন্য ছিল না। তা ছিল নির্দিষ্ট একটা গোষ্ঠীর। সরকার কোনো জনগণের কল্যাণে কাজ করতে পারেনি। রাষ্ট্র জনগণের কল্যাণে হয়, জনগণের ম্যান্ডেটে হয়, রাষ্ট্র জনগণের সেবক হিসেবে কাজ করে সেই রাজনৈতিক চর্চা শহীদ জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছিল। এখানে আমরা যারা আছি শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে এবং রাজনৈতিক মতাদর্শ লালন করতে পারলে রাজনৈতিক মনোভাব অনেকাংশে পরিবর্তন হবে।
মন্তব্য করুন