বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোনারগাঁয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড সদস্য চন্দ্র শেখর সাহা এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
এর আগে সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ফাউন্ডেশনের প্রথম গেট থেকে শুরু হয়ে দ্বিতীয় গেট ঘুরে মেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উৎসব উপলক্ষে ফাউন্ডেশন চত্বরজুড়ে ছিল আলোকসজ্জা, গ্রামীণ মোটিফ এবং আলপনায় সেজে ওঠা সৌন্দর্যমণ্ডিত পরিবেশ।
১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীরা। এখানে জামদানি, নকশি কাঁথা, শতরঞ্জি, মৃৎশিল্প, দারুশিল্প, কাঠখোদাই, পটচিত্র, শোলাশিল্প, বাঁশ-বেত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলা ও গ্রামীণ খেলাধুলা—যেমন: তিন গুটি, সাত গুটি, বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি, কপাল টোক্কা। রসনাতৃপ্তির জন্য রয়েছে মুখরোচক বাঙালি খাবারের পসরা।
এই উৎসব বাংলার লোকজ সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে একটি অনন্য আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন