আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিতর্কের কেন্দ্রে। স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তালাকের পর দুধ দিয়ে গোসল করার কথাও জানিয়েছেন এই ইউটিউবার।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে হিরো আলম লেখেন— “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”
এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, “আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে চেয়েছিল। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু অন্তরে ছিল নাম ও খ্যাতি পাওয়ার নেশা। তাই সংসার টেকেনি।”
তিনি আরও জানান, নতুন সিনেমার গানের কাজ শেষ করেছেন, খুব শিগগিরই মুক্তি পাবে সেই গান। এছাড়া আরও কয়েকটি নতুন সিনেমা নিয়েও আলোচনা চলছে।
অন্যদিকে, বৃহস্পতিবার নিজের ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন স্ত্রী রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “সংসার করার সময় হিরো আলম অন্য এক নারী মিথিলার সঙ্গে সম্পর্ক করছিলেন।”
এ ঘটনায় তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। একপর্যায়ে রিয়া মনিই তালাকনামা পাঠান হিরো আলমকে। পরে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন হিরো আলম, তবে প্রাণে বেঁচে যান। এর পরেও দাম্পত্য কলহ থামেনি—শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই বিতর্কিত দম্পতি।
মন্তব্য করুন