
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা।
বিডা সূত্রে জানা গেছে, এ সময় পাওয়া বিনিয়োগ প্রস্তাবের প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে অগ্রসর পর্যায়ে গেছে। এর মধ্যে রয়েছে জমি ইজারা নিশ্চিতকরণ, চুক্তি স্বাক্ষর ও বরাদ্দপত্র। বাকি অংশের ৬০ শতাংশ অনুসন্ধানী বা যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে, যেখানে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনা ও প্রকল্প পরিকল্পনা চলছে।
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, বিনিয়োগ প্রস্তাবের এই ধারা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহকে বাড়াচ্ছে। তিনি বলেন, “আমরা শুধু বিনিয়োগের পরিমাণ নয়, এর মান ও স্থায়িত্বও নিশ্চিত করতে চাই। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী পাঁচ মাসে আরও ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।”
অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, আরও ২০ শতাংশ প্রস্তাব গভীর পর্যালোচনা পর্যায়ে রয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিক নথিপত্রে রূপ নিতে পারে।
বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে বেজা একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে। বেজার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম জানান, এই প্ল্যাটফর্মে জমির প্রাপ্যতা, অনুমোদন ও বিনিয়োগের অগ্রগতির তথ্য রিয়েল টাইমে পাওয়া যাবে। এতে প্রশাসনিক ফলোআপের সময় কমবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন