আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। নির্বাচন সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের কাছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেখতে চান।
অপু বিশ্বাস বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রতি তার অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রয়েছে। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে তিনি চান, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি মনে করেন, একটি সুন্দর নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।
নতুন সরকারের কাছে বিশেষ দুটি প্রত্যাশার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে নতুন উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে অভিনয় জীবনে কিছুদিন নতুন সিনেমায় দেখা না গেলেও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় সক্রিয় ছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এবং পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন। সর্বশেষ কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সজল। পাশাপাশি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। নির্মাতারা জানিয়েছেন, সিনেমা দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন