টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতে গিয়ে খেলবে না—এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
তিনি জানান, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ নাকচ করে সুবিচার করেনি। নিরাপত্তা–সংক্রান্ত যে উদ্বেগ থেকে বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, এই নিরাপত্তা উদ্বেগ কোনো অনুমান বা ধারণা থেকে তৈরি হয়নি, বরং বাস্তব একটি ঘটনার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবাই চেয়েছিল বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, এখনও বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে অনড় রয়েছে এবং এ দাবির পক্ষে লড়াই চালিয়ে যাবে বিসিবি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেও বিসিবি সভাপতি বলেন, মুস্তাফিজ নিজে সরে যাননি, ইনজুরিও ছিল না এবং বিসিবিও এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই বিকল্প ভেন্যুর দাবি তোলা হয়।
বৈঠকে জাতীয় দলের একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন। এখন বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহল।
মন্তব্য করুন