ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ও গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারের দাম্পত্য জীবনে আবারও মিলনের ইঙ্গিত মিলছে—এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর মাহি দ্বিতীয়বারের মতো রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বছর দেড়েক আগে তিনি এক ভিডিওবার্তায় জানান, তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। সেই থেকে আর একসঙ্গে দেখা যায়নি দুজনকে।
তবে দীর্ঘ বিরতির পর হঠাৎ করেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাকিব সরকার ও সন্তানকে নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন মাহি। ক্যাপশনে লিখেছেন—“মাশাআল্লাহ”, সঙ্গে ভালোবাসার ইমোজি।
আরও মজার বিষয় হলো—এর ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি রাকিব সরকারও পোস্ট করেছিলেন নিজের প্রোফাইলে। ফলে একযোগে পোস্ট করা ওই ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন উঠেছে—তবে কি বরফ গলেছে? নতুন করে কি শুরু হচ্ছে মাহি-রাকিবের সংসার?
তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও নতুন করে আশাবাদী। অনেকেই মন্তব্য করেছেন—“আলহামদুলিল্লাহ, আবার আগের মতো হয়ে যাক।” আরেকজন লিখেছেন—“একসঙ্গে দেখে মন ভরে গেল।”
সব মিলিয়ে, মাহি-রাকিবের এই ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
মন্তব্য করুন