সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন তিন গুণী ব্যক্তিত্ব—সংগীতে বেবী নাজনীন, চলচ্চিত্রে পূর্ণিমা এবং সাংবাদিকতায় কাজী জেসিন।
এ সম্মাননা দেওয়া হবে আসন্ন ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর, রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অব ফেমে।
অনুষ্ঠানে ২০২৪ সালের টেলিভিশন, ওটিটি, সিনেমা ও সংগীতের সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। তবে আয়োজনের সূচনা হবে তিন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।
এটি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ—সিজেএফবি’র ২৪তম পুরস্কার বিতরণী আসর। অনুষ্ঠানজুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স, যা পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তুলবে।
উল্লেখ্য, দেশের প্রধান দৈনিক, টেলিভিশন ও অনলাইন নিউজমাধ্যমের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে এবং প্রতিষ্ঠার পর থেকেই তারা বাংলাদেশের বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্তব্য করুন