মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, বাজারে ইলিশের চড়া দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে সাশ্রয়ী দামে ইলিশ পৌঁছে দিতে পারার সুখবর এখনও দিতে পারছেন না তিনি।
সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদা আখতার বলেন, ‘ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহের বাজার পর্যবেক্ষণ করেছি। ৪০০–৬০০ গ্রামের ইলিশ এক হাজার থেকে ১,৩৫০ টাকা, ৭০০–৯০০ গ্রাম ১,৪০০–১,৭০০ টাকা এবং ৯০০ গ্রামের ওপরে ১,৮০০–২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে আমি খুব সুখবর দিতে পারছিনা।’
তিনি আরও জানান, ইলিশের প্রাপ্তি নিশ্চিত করা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কার্যক্রম সফল করতে গবেষণা চলছে। আড়তদারদের অনুরোধ করা হয়েছে মুনাফা কমাতে, সিটি কর্পোরেশনকে বলা হয়েছে টোল না নিতে। তবু প্রাপ্যতার ঘাটতি এবং কিছু জায়গায় মজুতের কারণে দাম কমছে না।
ফরিদা আখতার বলেন, ‘মূল সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছি। ব্যর্থতা বলতে পারেন। তবে আশা করছি, আগামীতে ভালো অবস্থায় বাজারে ইলিশ পাওয়া যাবে।’
মন্তব্য করুন