
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে আদালত জামিন মঞ্জুর করেছে। বাবুলের বিরুদ্ধে ‘সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশ’ মামলায় গত ২০২৩ সালের ২৩ নভেম্বর দণ্ড প্রদান করা হয়েছিল।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া রোববার (২৪ আগস্ট) তার জামিন মঞ্জুর করেন। বাবুল গত ১৮ আগস্ট আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করলে মহানগর হাকিম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১৯ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার আইনজীবী খালাস চেয়ে আপিল করেন।
বাবুলের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম, নিহার হোসেন ফারুকসহ কয়েকজন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয় এবং ভিআইপি রোড বন্ধ করে ‘ভাংচুরের চেষ্টা’ চালায়। এই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন