
ভারত-চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এসেছে বড় স্বস্তির খবর। চীন তাদের সার, রেয়ার আর্থ খনিজ, ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে ভারতের কৃষি ও অবকাঠামো খাতে সৃষ্ট জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লিতে বৈঠক করেন। বৈঠকে ভারত স্পষ্ট জানায়, হঠাৎ সার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রবি মৌসুমে ডিএপি সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে চীনের তৈরি টানেল বোরিং মেশিন আটকে দেওয়ায় ভারতের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিলম্ব হচ্ছিল। এছাড়া অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্পের জন্য অত্যাবশ্যক রেয়ার আর্থ খনিজ রপ্তানিতে বাধা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে ভারত।
কূটনৈতিক আলোচনার পর চীন এসব রপ্তানি পুনরায় চালু করতে রাজি হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু ভারত-চীন অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে না, বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চীনের ওপর চাপ বৃদ্ধির সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বার্তাও বহন করছে।
মন্তব্য করুন