
রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন আরোহীই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এন-২৪ মডেলের বিমানটি আমুর অঞ্চলে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
প্রাথমিকভাবে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ ছিল বলে জানায় রুশ কর্তৃপক্ষ। পরে আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেলে নিশ্চিত হয় দুর্ঘটনার খবর। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস এজেন্সির প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৪০ জন আরোহী ছিলেন। তবে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেন, বিমানে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।
তাস নিউজ জানিয়েছে, অবতরণের সময় ক্রুদের ভুল এবং খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা না থাকা—এই দুই বিষয়কে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে।
চীন সীমান্তবর্তী টাইন্ডা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। আকাশে থাকা অবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এরপরই রাডার থেকে হারিয়ে যায়।
বিধ্বস্তের পরপরই উদ্ধার অভিযান চালানো হয়, তবে কোনো আরোহী জীবিত নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন