
বিয়ের পর অনেক নারীর ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। বিয়ের আগে যিনি ছিলেন ছিপছিপে, তিনিও কিছুদিন পর হয়তো হয়ে পড়েন ভারী। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে রয়েছে শারীরিক, মানসিক ও সামাজিক নানা কারণ।
বিয়ের পর নারীদের জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। নতুন পরিবেশ, নতুন দায়িত্ব এবং সম্পর্ক মানিয়ে চলার চাপে শরীরের হরমোন নিঃসরণেও আসে পরিবর্তন। এর ফলে শরীরে জমতে শুরু করে অতিরিক্ত মেদ। এক জরিপ বলছে, বিয়ের পাঁচ বছরের মধ্যেই প্রায় ৮২ শতাংশ নারীর ওজন বাড়ে উল্লেখযোগ্য হারে।
বিয়ের পর নিজের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেকেই গাফিলতি করেন। নিয়মিত ব্যায়াম বন্ধ হয়ে যায়, বাড়ে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা। ঘুমের রুটিনেও আসে পরিবর্তন, যা শরীরের বিপাকক্রিয়াকে প্রভাবিত করে এবং ওজন বাড়াতে সাহায্য করে।
এছাড়া নতুন সংসার, শ্বশুরবাড়ির পরিবেশ ও দায়িত্ব নিয়ে মানসিক চাপ তৈরি হয়। অনেকেই সেই চাপ সামাল দিতে গিয়ে অতিরিক্ত খাওয়া শুরু করেন। আবার কেউ কেউ স্ট্রেসে না খেয়ে থাকেন—যার ফলে বিপাকক্রিয়া ব্যাহত হয়, বাড়ে ওজন।
গর্ভধারণও আরেকটি বড় কারণ। সন্তান প্রসবের পর নারীদের শরীরে জমে থাকা চর্বি যদি সময়মতো কমানো না যায়, তা স্থায়ী ওজন বৃদ্ধির দিকে ঠেলে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের পরও নিজের শরীর ও মনের যত্ন নিতে হবে নিয়মিত। সুষম খাবার, ঘুম এবং ব্যায়ামের অভ্যাস বজায় রাখলেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মন্তব্য করুন