
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত সিনেমা ‘পরাণ’-এর পর বেশ কিছুদিন তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। ‘দামাল’ দিয়ে পরবর্তীতে পর্দায় এলেও সেভাবে সাড়া ফেলতে পারেননি।
তবে এবার ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি নতুন সিনেমা দিয়ে আবারও আলোচনায় ফিরছেন মিম। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এই সিনেমায় মিম অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।
বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, “সিনেমাটির শুটিং শেষ, কিছু প্যাচওয়ার্ক বাকি আছে। আগামী ১৬ ও ১৭ জুলাই তা শেষ করব। এরপরই মুক্তির অপেক্ষা।”
তিনি আরও বলেন, “সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। গল্পটা খুব সুন্দর। দর্শকরা হলে এসে দেখবেন, এই প্রত্যাশাই করছি।”
সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম। তবে নতুন কোনো কাজের বিষয়ে তিনি বলেন, “অনেক প্রস্তাব আসছে। গল্প আর চরিত্র পছন্দ হলে তবেই করব।”
সম্প্রতি শ্রীলঙ্কায় ১০ দিনের এক আনন্দময় ভ্রমণ শেষে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। মিমের ভাষায়, “এটা অনেক স্মৃতিময় একটা ট্রিপ ছিল। এত জায়গা ঘুরেছি, দ্বিতীয়বার আর না গেলেও চলবে।”
মন্তব্য করুন