
দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে—১৫০ জন। এরপর ঢাকার বাইরের ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ২৯, ঢাকার দুই সিটিতে ৭৮ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ৫, রংপুরে ৩ এবং সিলেটে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিন ৩৪১ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৬ জনে। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। মৃত্যু হয়েছে মোট ৪৫ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনই কার্যকর মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন।
মন্তব্য করুন