
পাকিস্তান রেলওয়েতে চলতি বছরের প্রথম ছয় মাসে ঘটেছে ৪৫টি ট্রেন দুর্ঘটনা। এর মধ্যে ২২টি যাত্রীবাহী ও ২০টি মালবাহী ট্রেনের লাইনচ্যুতি। এতে রেলপথের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৫ জুনের মধ্যে এসব দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে জাফর এক্সপ্রেসে অপহরণের ঘটনাটি ছিল সবচেয়ে আতঙ্কজনক, যা যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বারবারের দুর্ঘটনায় রেল ব্যবস্থার দুর্বল অবকাঠামো, প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো প্রকট হয়ে উঠেছে।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, সব ধরনের সতর্কতা নেওয়া হলেও দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়নি। এদিকে ধারাবাহিক দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং দেশের বাণিজ্য পরিবহন ব্যবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
মন্তব্য করুন