পুলিশের উচ্চপদস্থ ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর মধ্যে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের এই অবসর প্রদান করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম এবং মো. মনিরুল ইসলাম।
এছাড়াও নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শামীমা বেগম, মো. আবু কালাম সিদ্দিক, মো. আমিনুল ইসলাম এবং সালমা বেগম রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী সব ধরনের অবসরজনিত সুবিধা পাবেন।
সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোয় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
মন্তব্য করুন