ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে । পরে সঠিক প্রশ্নপত্র দিয়ে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
মঙ্গলবার(২১শে এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রসচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে অবহিত করার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে বেলা সাড়ে ১১টায় তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে নতুন করে নির্ধারিত সময় পার হওয়ার আগেই শিক্ষকেরা খাতা নিয়ে নেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
অভিভাবকেরা বলেন, ‘পরীক্ষার কেন্দ্রসচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে এর দায়ভার কে নেবে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সিনহা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলেম,আমরা বারবার বলার পরও শ্রেণিশিক্ষকেরা কর্ণপাত করেননি। পরে দেড় ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়িয়ে দেয়।
কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ভুলবশত ২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। পরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন