পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরিবারের সদস্যরাও।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে, এ সময় তারা একে অপরের খোঁজ-খবর নেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপচারিতায় অংশ নেন এবং একসঙ্গে ছবি তোলেন।
সাক্ষাতে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি যমুনায় ফিরে আসেন।
সেখানে সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তার পরিবার।
সব মিলিয়ে, ঈদের এই দিনে রাজনৈতিক সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের একটি বার্তা উঠে এসেছে এই সাক্ষাতের মধ্য দিয়ে।
মন্তব্য করুন