প্রতি বছরের মতো এবারও ২০২৬ সালে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে এসব পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে।
আজ ১৮ মার্চ থেকে দেশের প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারগুলোর কাছে এই ঈদ উপহারের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার দিয়ে থাকেন তারেক রহমান।
তিনি আরও বলেন, ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর মাঝেও এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসে অনেক কার্যক্রম পরিচালনা করায় কিছুটা দেরি হলেও ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
জানা গেছে, ২০১৬ সাল থেকেই রমজান মাসে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আসছেন তারেক রহমান।
এ বছর প্রায় ১৯শ পরিবার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের অর্থ পাচ্ছে।
এ বিষয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, শুরুতে পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহের কাজ শুরু করা হলেও সময় স্বল্পতার কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি।
তবে দ্রুত বিএনপি ও এর অঙ্গ-সংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, খুব দ্রুতই সব পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে যাবে।
মন্তব্য করুন