ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে সংসদ ভবনে ছিল উৎসবমুখর পরিবেশ। স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করেন, নিজেদের আসন খুঁজে নেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রথম অধিবেশনের ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এছাড়া সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের আমন্ত্রণে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধিবেশন প্রত্যক্ষ করতে সংসদে আসেন।
স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি। এছাড়া বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার পরিবারও উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বাম পাশের গ্যালারিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা উপস্থিত ছিলেন।
এছাড়া ২৪-এর জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক নুর মুহাম্মদও বিশেষ অতিথি হিসেবে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন