অধিকৃত জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ-এর ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসি-কে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে সোমবার মসজিদ প্রাঙ্গণ থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় কোনও কারণ না জানিয়েই আল-আকসা মসজিদের ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি নিরাপত্তা পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবরে বলা হয়েছে, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম, খতিব এবং মুসল্লিদের প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সময়ে কড়া নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারী গোষ্ঠীর অনুপ্রবেশ বেড়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, আগে থেকেই ইমামের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েল। তাকে গ্রেপ্তার করা আল-আকসার পবিত্রতায় প্রকাশ্য হস্তক্ষেপ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর অগ্রহণযোগ্য আঘাত বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
হামাস আরও অভিযোগ করেছে, আল-আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা, মুসল্লিদের প্রবেশ সীমিত করা এবং রমজানের প্রস্তুতিতে বাধা দেওয়া—এসবই মসজিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনার অংশ। একই সঙ্গে জেরুজালেমসহ পশ্চিম তীর ও ১৯৪৮ সালের ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান অব্যাহত রাখা এবং নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এই ঘটনার পর আল-আকসা কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
মন্তব্য করুন