
ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় নিরাপত্তা বাহিনী পাঁচ বাংলাদেশিকে আটক করেছে। শনিবার ও রবিবার এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং একজন নিজেকে বাংলাদেশ পুলিশ সদস্য দাবি করেছেন।
গ্রেপ্তারকৃতদের হাতে বাঁধা অবস্থায় এবং নির্যাতিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, তাদের ওপর হিন্দিতে জিজ্ঞাসাবাদ চলছে। এক ব্যক্তি বলেন, তারা শেখ হাসিনার দল করত এবং অবৈধ সরকার নিয়ে কথা বলেন।
ভারতীয় বিএসএফ ও মেঘালয় পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের কাছ থেকে পুলিশের আইডি কার্ড, হাতকড়া, পিস্তল হোলস্টার, মুখোশ, কুঠার, মোবাইল ফোন ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সুনামগঞ্জ জেলার নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিম খাসি হিলসে এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের সহায়তায় সর্বশেষ একজনকে রবিবার আটক করা হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই পাঁচজন সন্দেহভাজন সশস্ত্র অপরাধী। এ ঘটনায় তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন